Criminal Officer
← যাচাইকৃত রেকর্ডে ফিরে যান
#940441 ✓ যাচাইকৃত ও প্রকাশিত
❌ ফেরত দেওয়া হয়নি

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল (BNP)

প্রকাশের তারিখ November 17, 2026

দাবিকৃত

৳৯৩ কোটি টাকা

অবস্থা: refused

ভৌগোলিক অবস্থান

নরসিংদী

দেশ: Bangladesh

Incident Description

বাজারদরের চেয়ে ৯৩ কোটি টাকা বেশি:

দরপত্র ছাড়াই ৩৪২ কোটির প্রকল্পে নৌবাহিনীকে সামনে রেখে মন্ত্রীর স্বজনদের পকেটে ৬৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সরকারিভাবে ৬৬ হাজার ৮১৫টি অ্যান্ড্রয়েড ট্যাবলেট কিনতে গিয়ে খোলা বাজারের তুলনায় প্রায় ৯৩ কোটি ৫৪ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডকে (ডিইডব্লিউ) দিয়ে ৩২০ কোটি ৭১ লাখ টাকার এই কাজ করানো হচ্ছে। অথচ অনুসন্ধানী নথি বলছে, ট্যাবলেট প্রতি বাজারদরের চেয়ে ১৪ হাজার থেকে ২১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বাড়তি ধরা এই বিপুল অর্থের বড় একটি অংশ কোনো মূলধন বা অভিজ্ঞতা ছাড়াই ঢুকছে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের ভাতিজা-ভাতিজির মালিকানাধীন একটি বেনামি কোম্পানির অ্যাকাউন্টে।

দামের কারসাজি: প্রতিটি ট্যাবলেটেই বাড়তি ১৪ থেকে ২১ হাজার টাকা!

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গত ২৩ আগস্ট সমাজসেবা অধিদপ্তর প্রতিটি ৪৮ হাজার টাকা দরে ৬৬ হাজার ৮১৫টি ‘এক্সট্রা এক্সটি ওয়ান’ (Xtra XT1) অ্যান্ড্রয়েড ট্যাবলেট (কীবোর্ড ও স্টাইলাসসহ) কেনার জন্য ডিইডব্লিউর সঙ্গে ৩২০ কোটি ৭১ লাখ টাকার চুক্তি সই করে। অথচ ২৪ আগস্ট ডিইডব্লিউ, স্যালএক্সট্রা (স্যালস্ট্রা) লিমিটেড এবং বুরাক ব্রেক লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত ছয় পৃষ্ঠার ত্রিপক্ষীয় ব্যবসায়িক চুক্তিতেই দেখা গেছে—সরবরাহকারী প্রতিষ্ঠান স্যালএক্সট্রার মাধ্যমে ট্যাবলেটের যন্ত্রাংশ আমদানি ও সরবরাহ ব্যয় ধরা হয়েছে মাত্র ২৬ হাজার ৮২৮ টাকা (মোট ১৭৯ কোটি ২৫ লাখ টাকা)। অর্থাৎ সরকারি ক্রয়মূল্যের তুলনায় প্রতি ট্যাবলেটেই ২১ হাজার ১৭২ টাকা কম খরচে পণ্যটি আনা হচ্ছে।

ঢাকার খোলা বাজারের দামের সঙ্গে তুলনা করে দেখা গেছে এই ব্যয় কতটা অযৌক্তিক—

১. স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৯ প্লাস: ঢাকার বাজারে ১১ ইঞ্চি পর্দা ও সিম সুবিধাসহ ব্র্যান্ডের এই ট্যাবলেটের খুচরা মূল্য ২৯ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে ডিইডব্লিউর নির্ধারিত কীবোর্ড ও স্টাইলাস বাবদ ৪ হাজার ৫০০ টাকা যোগ করলেও দাম দাঁড়ায় ৩৪ হাজার টাকা—যা সরকারি ক্রয়মূল্যের চেয়ে প্রতিটিতে ১৪ হাজার টাকা কম। এই হিসাবে ৬৬ হাজার ৮১৫টি ট্যাবলেটেই রাষ্ট্রের বাড়তি খরচ বা অপচয় হচ্ছে প্রায় ৯৩ কোটি ৫৪ লাখ টাকা।

২. লেনোভো ট্যাব এম১১: বাজারে এই মডেলের খুচরা মূল্য ২২ হাজার টাকা এবং কীবোর্ড-স্টাইলাসসহ ২৬ হাজার ৫০০ টাকা, যা সরকারি দামের চেয়ে প্রায় অর্ধেক।

যদিও গত ১০ আগস্টের দরকষাকষি সভায় ডিইডব্লিউর প্রতিনিধিরা ‘এক্সট্রা এক্সটি১’-কে পানি, ধুলাবালি ও আর্দ্রতাপ্রতিরোধী ‘বিশেষায়িত ডিভাইস’ হিসেবে দাবি করে সাধারণ ট্যাবলেটের সঙ্গে তুলনা না করার যুক্তি দিয়েছিলেন; কিন্তু নথিপত্রে সেই দাবির কোনো স্বাধীন যাচাই-বাছাই পাওয়া যায়নি।

বাড়তি এই অর্থ যাচ্ছে কার পকেটে?

ট্যাবলেট চুক্তির পরদিন ২৪ আগস্টের ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ডিইডব্লিউ কোনো মূলধন বিনিয়োগ করবে না, পরিচালন ব্যয় বহন করবে না এবং লাভ-ক্ষতির কোনো দায়ও নেবে না। কেবল সরকারি কাজ এনে দেওয়ার ‘সুনাম’ বা ‘গুডউইল’ দেখিয়ে তারা পাবে মোট চুক্তিমূল্যের ৪ শতাংশ বা প্রায় ১২ কোটি ৮৩ লাখ টাকা। স্যালএক্সট্রা লিমিটেড ১৭৯ কোটি ২৫ লাখ টাকায় ট্যাবলেট আমদানি, এলসি, কাস্টমস, ওয়ারেন্টি ও ব্যাংক গ্যারান্টির দায়িত্ব পালন করবে।

আর কর ও আনুষঙ্গিক খরচ বাদে অবশিষ্ট বিশাল মুনাফা—২০ শতাংশ কর ধরে হিসাব করলে যার পরিমাণ প্রায় ৬৪ কোটি ৪৯ লাখ টাকা—সমান দুই ভাগে চলে যাবে ‘বুরাক ব্রেক লিমিটেড’-এর দুটি ব্যাংক হিসাবে। অথচ এই চুক্তিতে বুরাক ব্রেকের ওপর কোনো আর্থিক বা পরিচালনগত দায়বদ্ধতার উল্লেখই নেই। ২০২১ সালের ৩ নভেম্বর নিবন্ধিত গাড়ির ব্রেক যন্ত্রাংশসংশ্লিষ্ট নামের এই কোম্পানির মালিকানা রয়েছে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের ভাতিজা সরদার রাফিন এস এ হোসেন (প্রতিষ্ঠাকালে বয়স ছিল ১৯) ও ভাতিজি আনিকা রাইদা লিয়ার (তৎকালীন বয়স ২৩) হাতে।

নিয়ম ভেঙে গ্যারান্টি ও মালিকের নাম গোপন

সরকারি ক্রয়বিধি উপেক্ষা করে এই চুক্তিতে একাধিক অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে। সরকারি চুক্তিতে ডিইডব্লিউ সরবরাহকারী হলেও, চুক্তি সইয়ের চার দিন আগেই (১৯ আগস্ট) স্যালএক্সট্রার অনুরোধে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ৩২ কোটি ৭ লাখ টাকার পারফরম্যান্স গ্যারান্টি দেয়। পাশাপাশি নতুন প্রকিউরমেন্ট নীতি অনুযায়ী (পিপিআর ২০২৫) সরকারি কাজ পাওয়া প্রতিষ্ঠানের চূড়ান্ত মালিকের (Beneficial Ownership) নাম প্রকাশ বাধ্যতামূলক হলেও ডিইডব্লিউ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ছাড় পাওয়ায় বুরাক ব্রেকের দুই মালিকের নাম সরকারি নথি থেকে পুরোপুরি আড়াল রাখা হয়।

ট্যাবলেট সরবরাহে ধীরগতি, স্টিকার লাগাতেই ২২ মিনিট!

অতিরিক্ত দামে কেনা এই ট্যাবলেটগুলো সময়মতো সরবরাহ করতেও ব্যর্থ হয়েছে সিন্ডিকেট। ৬৬ হাজার ৮১৫টি ট্যাবলেটের মধ্যে সরবরাহ করা হয়েছে মাত্র ৯ হাজারটি। প্রতিটি ট্যাবলেটে সিম কার্টিজ, জিও-ট্যাগিং, গ্রামীণফোনের স্টিকার এবং প্রয়োজনীয় সফটওয়্যার লোড করতে প্রায় ২২ মিনিট সময় লাগছে—এমন অজুহাতে সরবরাহের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছে ডিইডব্লিউ।

হুইলচেয়ার প্রকল্প ও বিশ্বব্যাংকের অর্থের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

ট্যাবলেটের পাশাপাশি ডিইডব্লিউর মাধ্যমে নেওয়া ২১ কোটি ৯৯ লাখ টাকার হুইলচেয়ার ও সেলাই মেশিন ক্রয় নিয়েও একই ধরনের অনিয়ম ও দামের পার্থক্যের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে ৩৪২ কোটি ৭০ লাখ টাকার এই দুটি চুক্তিতেই নৌবাহিনীর মতো সুশৃঙ্খল বাহিনীর প্রতিষ্ঠানের যুক্ত হওয়া তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। হুইলচেয়ার চুক্তিতেও বাংলামার্ক লিমিটেড নামক একটি বেসরকারি প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান নৌবাহিনীর পক্ষ হয়ে ২ কোটি ২০ লাখ টাকার গ্যারান্টি দিয়েছে, যা সরকারি নিয়মকানুনের মধ্যে পড়ে না। বর্তমানে হুইলচেয়ারগুলো শাহীনবাগের একটি বেসমেন্টে প্রস্তুত রাখা হয়েছে।

বিশাল অঙ্কের এই লেনদেন, স্বজনপ্রীতি, দরপত্রহীন কেনাকাটা এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এসপিআইআরআইটি (SPIRIT) প্রকল্পের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন প্রকল্প-সংশ্লিষ্টরা। বাজারে সাশ্রয়ী মূল্যের বিকল্প থাকা সত্ত্বেও ৯৩ কোটি টাকার বেশি অতিরিক্ত ব্যয় এবং ৬৪ কোটি টাকার অনৈতিক মুনাফা ভাগাভাগির এই ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন সংশ্লিষ্টরা।

প্রমাণাদি সংক্রান্ত নথিপত্র (1)

🖼️ ছবি-প্রমাণ আকার: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

এই যাচাইকৃত ঘটনাটি শেয়ার করুন

আপনার পরিচিত মহলে এই নথিপত্রটি শেয়ার করে দুর্নীতি ফাঁস করতে সহায়তা করুন।