Criminal Officer
← Back to Verified Records
#813603 ✓ Verified & Published
❌ Not Refunded

দুর্নীতি দমন কমিশন

Published Date November 14, 2026

Accountability Demanded

৳0

Status: refused

Geographical Location

Dhaka

Country: Bangladesh

Incident Description

দুদকে পদোন্নতি নিয়ে বিতর্ক: দক্ষ কর্মকর্তারা বঞ্চিত, দুর্নীতি ও জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্নঃ

পরিচালক পদে পদোন্নতি ঘিরে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আলোচনা, সমালোচনা ও এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। দুর্নীতির অনুসন্ধান, মামলা, তদন্ত, চার্জশিট প্রদান এবং আদালতে বিচারিক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছে। অন্যদিকে, দুর্নীতি দমন ও প্রতিরোধের কাজে দুর্বল ভূমিকা থাকা কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এতে কমিশনের বঞ্চিত ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি (ডিপিসি) ও কমিশনের এ ধরনের সিদ্ধান্তে দক্ষ, চৌকস কর্মকর্তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়তে পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ কার্যক্রমে।

ডিপিসির সভায় তালিকায় থাকা ২৬ জন উপপরিচালকের মধ্যে সাতজনকে পরিচালক পদে পদোন্নতির সুপারিশ তৈরি করা হয়। পরে এটি গতকালই কমিশনে জমা দেওয়া হয়। একই সঙ্গে চারজন পরিচালক থেকে একজনকে মহাপরিচালক হিসেবে পদোন্নতির সুপারিশও করা হয়। আজ বৃহস্পতিবার দুদক কার্যালয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে দুটি সভায় ওই সুপারিশ তৈরি করা হয়।

একই দিনে কমিশন সাতজন পরিচালক ও একজন মহাপরিচালককে পদোন্নতির অনুমোদন দেওয়ার পর দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাক্ষরিত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। যাদের সম্পর্কে কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি পাওয়া যায়নি—এমন সাতজনকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আর চারজন পরিচালকের মধ্য থেকে একজনকে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পদোন্নতিপ্রত্যাশী আরও ১৯ জন উপপরিচালকের তালিকা বাতিল করা হয়নি। এই তালিকার কর্মকর্তাদের ব্যাপারে শিগগির অন্য আরেকটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করা হবে। এরপর তাদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, দুদকে বর্তমানে ১৫টি শাখার পরিচালকের পদ শূন্য রয়েছে। আজ বৃহস্পতিবার পদোন্নতি দেওয়া সাতজনকে সাতটি শাখার দায়িত্ব দেওয়া হবে। আরও সাতটি শাখার পরিচালকের পদ শূন্য থাকবে। পদোন্নতিপ্রত্যাশী ২৬ জনের মধ্যে বাকি ১৯ জনের মধ্য থেকে আরও সাতজন যোগ্য কর্মকর্তা বাছাই করতে পারেনি ডিপিসি।

নাম প্রকাশে অনিচ্ছুক পদোন্নতিপ্রত্যাশী একজন উপপরিচালক বলেন, এটি দুদকের জন্য দুর্ভাগ্য। দক্ষ কর্মকর্তাদের রেখে অদক্ষ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। যারা প্রকৃতপক্ষে দক্ষ, তাদের মধ্য থেকে খুব সহজেই আরও সাতজন বাছাই করা সম্ভব ছিল। সেটি করা হয়নি। এটি কীসের ইঙ্গিত, তা বোধগম্য নয়। ঝুঁকি নিয়ে সাহসের সঙ্গে কাজ করে যারা দুদকের ভাবমূর্তি উজ্জ্বল করছেন, তাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে বঞ্চিত করা হয়েছে।

দুদকের অভ্যন্তরের একটি সূত্র জানায়, পরিচালক পদে পদোন্নতি পাওয়া সাতজনের মধ্যে কারও জন্য কোন মন্ত্রণালয় থেকে তদবির করা হয়েছে, কেউ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের প্রিয়ভাজন, আবার কেউ শীর্ষ পর্যায়ে তদবির করে পদোন্নতি বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

দুদকের একাধিক সূত্র জানায়, পরিচালক পদে যারা পদোন্নতি পেয়েছেন, তাদের মধ্যে এক-দুজন বাদে বাকিদের কাজের দক্ষতা অত্যন্ত দুর্বলমানের। চ্যালেঞ্জ ও ঝুঁকি নিয়ে বড় বড় দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্তের অভিজ্ঞতা তাদের নেই বলে অভিযোগ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন পদস্থ কর্মকর্তা বলেন, যারা ঝুঁকি নিয়ে বড় বড় কাজ করেন, তাদের বিরুদ্ধে শত্রুও তৈরি হয়। তারা ওইসব দক্ষ, সাহসী কর্মকর্তাদের ক্ষতি করতে নানা ধরনের অপতৎপরতা চালায়। ওইসব কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গণমাধ্যমে তাদের ব্যাপারে নেতিবাচক খবর প্রকাশের ব্যবস্থা করা হয়ে থাকে। সম্প্রতি পদোন্নতিপ্রত্যাশী দক্ষ, চৌকস উপপরিচালক মো. মশিউর রহমানের বিরুদ্ধে একটি গণমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশ করা হয়, যা আদৌ সত্য নয় বলে জানিয়েছেন দুদকের একাধিক কর্মকর্তা।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি মো. মশিউর রহমান বাদী হয়ে ২৬ উপপরিচালকের মূল্যায়ন করা গোয়েন্দা সংস্থার একজন সহকারী পরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। অনুসন্ধানে ওই কর্মকর্তা ও তার স্ত্রীর নামে ৫ কোটি ২৯ লাখ টাকার সম্পদ পাওয়া যায়, যা তাদের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

পদোন্নতিপ্রত্যাশী ওই ২৬ কর্মকর্তা সম্পর্কে গোয়েন্দা সংস্থার মূল্যায়ন নিয়ে দুদকের ওই পদস্থ কর্মকর্তা আরও বলেন, দুদকের কর্মকর্তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে হয়। মামলা ও চার্জশিটও দিতে হয়। যে গোয়েন্দা সংস্থায় দুদকের মামলার আসামি রয়েছে, এমন সংস্থা থেকে পদোন্নতিপ্রত্যাশী কর্মকর্তাদের মূল্যায়ন প্রতিবেদন আনা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের ক্ষোভের শিকার হতে পারেন।

আজ জারি করা একটি প্রজ্ঞাপনে মোহাম্মদ মোরশেদ আলমকে পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। আরেকটি প্রজ্ঞাপনে যে সাতজন উপপরিচালককে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে, তারা হলেন—এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।

বঞ্চিত ১৯ জন উপপরিচালক হলেন—মনিরুজ্জামান, মো. মশিউর রহমান, মো. ফারুক আহমেদ, কামরুজ্জামান, আবু হেনা আশিকুর রহমান, মো. জাকারিয়া, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মাহমুদুর রহমান, মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মো. নুর-ই-আলম, দেবব্রত মন্ডল, মো. মোস্তাফিজুর রহমান, মো. নাজমুল হাসান, মো. গুলশান আনোয়ার প্রধান, মো. সালাহ উদ্দিন, মো. শাওন মিয়া, সুমিত্রা সেন, এস এম রাশেদুর রেজা ও মো. ইকবাল হোসেন।

মহাপরিচালক নিয়োগ ঘিরে ঘুষ-বাণিজ্যের অভিযোগ, প্রশ্ন জবাবদিহিতা নিয়ে

দুদকের মহাপরিচালক পদে নিয়োগ ও পদোন্নতিকে কেন্দ্র করে বিপুল অঙ্কের ঘুষ-বাণিজ্যের অভিযোগও সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, দুদকের মহাপরিচালক হতে প্রায় ২০০ কোটি টাকা ঘুষ দিতে হয় এবং প্রায় ৫০০ কোটি টাকার বিনামূল্যের কাজ করে দিতে হয়। এসব নিয়োগ ও পদোন্নতির পেছনে প্রভাবশালী স্পন্সর বা বিনিয়োগকারী গোষ্ঠী থাকে, যারা পরবর্তী সময়ে বিনিয়োগের শতগুণ অর্থ আদায়ের লক্ষ্য নিয়ে কাজ করে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, কাউকে দুর্নীতি বা অন্য কোনো অভিযোগে ফাঁসিয়ে দিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়ের মতো কর্মকাণ্ডের মাধ্যমে এসব বিনিয়োগের অর্থ তুলে নেওয়া হতে পারে। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত ও প্রমাণভিত্তিক অনুসন্ধান প্রয়োজন।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর একটি অংশের বিরুদ্ধে বিপুল পরিমাণ কর ও ভ্যাট ফাঁকির অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, বছরে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দেওয়ার কারণে রাষ্ট্রীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অভিযোগের সুনির্দিষ্ট পরিমাণ ও প্রকৃত চিত্র নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ হিসাব ও তদন্ত প্রয়োজন।

দুদকের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি

দুদক যদি দুর্নীতির বিরুদ্ধে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে না পারে, তাহলে দেশের অর্থনীতি, নাগরিকের জীবন, মৌলিক অধিকার এবং আইনের শাসন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই কমিশনের প্রতিটি নিয়োগ, পদোন্নতি, অনুসন্ধান, তদন্ত ও মামলার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আরও অভিযোগ রয়েছে, যাকে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে, তিনি পতিত আওয়ামী লীগ সরকারের সময় প্রায় ১২ বছর দুদকে দায়িত্ব পালন করেছেন এবং ওই সময়ের দুর্নীতির সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। এ অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। অতীতের কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়ন ছাড়া কোনো কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়া হলে কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।

দুদকের মতো একটি সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক প্রভাব, ব্যক্তিগত স্বার্থ, তদবির ও আর্থিক লেনদেনের ঊর্ধ্বে থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা। কিন্তু যদি দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের পরিবর্তে রাজনৈতিক ফায়দা হাসিল, প্রভাবশালী ব্যক্তিদের সুরক্ষা কিংবা কাউকে ফাঁসানোর হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠানটিকে ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষের আস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে।

দেশের অর্থনীতি ও নাগরিকদের জীবন রক্ষা, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে দুদকের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, স্বাধীনতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। যোগ্যতা, সততা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ঘুষ, তদবির, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে।

দুর্নীতির বিরুদ্ধে কাজ করা প্রতিষ্ঠানের ভেতরেই যদি দুর্নীতি ও অনিয়মের অভিযোগ থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করাই রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

Evidence Files (3)

🖼️ Image Evidence Size: N/A
🖼️ Image Evidence Size: N/A
🖼️ Image Evidence Size: N/A

Case Rating & Community Feedback

Rate this case or leave a comment. Login required to participate.

★ 0 (0 ratings)

Comments

No comments yet. Be the first to comment.

Share This Verified Case

Help expose corruption by sharing this record with your network.